০৩ আগস্ট ২০২৬, ১৯:৫৫

৮ বছর নিষিদ্ধ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার

বোদুগুম অখিলেশ রেড্ডি  © সংগৃহীত

দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে সব ধরনের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

২০২৫ সালের ২১ নভেম্বর থেকে রেড্ডির নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। ঐদিন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে। 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ সালের ‘আবুধাবি টি-টেন’ লিগে দুর্নীতিমূলক কর্মকান্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় রেড্ডির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বছর আবু ধাবিতে টি-টেন লিগে আইসিসিকে দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তদন্তের পর ২৬ বছর বয়সী রেড্ডির বিরুদ্ধে আনা তিনটি অপরাধের মধ্যে প্রথমটি বিধিমালার ২.১.১ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারায় বলা আছে- ম্যাচের ফলাফল, গতিপথ, পরিচালনা বা অন্য দিকে প্রভাবিত করার উদ্দেশ্যে পাতানো (ফিক্সিং), ষড়যন্ত্র করার সাথে সম্পর্কিত।

দ্বিতীয়টি ২.১.৪ ধারার অধীনে অন্য কোনো খেলোয়াড়কে ম্যাচ পাতানোর উদ্দেশ্যে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার সাথে জড়িত। 

তৃতীয়টি ২.৪.৭ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধটি হলো- দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে বাধা দেওয়া। তদন্তের সঙ্গে সম্পর্কিত তথ্য ও বার্তা নিজের মোবাইল ফোন থেকে মুছে ফেলে তদন্তে বিঘ্ন ঘটানো।