নাহিদের চোটে হতাশ নন কোচ, মুশফিককে নিয়েও আশাবাদী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর কবির। তার অধীনেই গড়ে উঠেছেন জাতীয় দলের বর্তমানের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম তরুণ পেসার নাহিদ রানা।
তবে চোটের কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দলে নেই নাহিদ। যদিও বিষয়টিকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক হিসেবেই দেখছেন তার শৈশবের কোচ আলমগীর কবির। তার বিশ্বাস, এই চোট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক ও পরিণত হয়ে মাঠে ফিরবেন নাহিদ।
সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আলমগীর বলেন, 'আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুরি বা না খেলতে পারাটা গুড লাক। নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজের যত্ন নিতে পারবে। যে ইনজুরিটা হয়েছে, কখনো যেন এমন না হয় বা নিজেকে কীভাবে যত্ন করবে তা শিখবে, সে নিজে থেকেই এখন আরও চেষ্টা করবে।'
মুশফিক হাসান অস্ট্রেলিয়ায় চমক দেখাতে পারেন প্রত্যাশা ব্যক্ত করে এই কোচ বলেন, 'নাহিদের ঘাটতি পূরণ করতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস, সে চমকে দেওয়ার মতো কিছু করবে। কারণ আমরা স্থানীয় ক্রিকেটে, জাতীয় ক্রিকেট লিগে ওর খেলা দেখছি। যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক। অনেক সময় ধরে বোলিং করতে পারে। আমার বিশ্বাস, যদি তাকে খেলানো হয়, ভালো কিছু করবে।'
মুশফিককে নিয়ে মুগ্ধতার কথা জানিয়ে এই কোচ আরও বলেন, 'আমি অনূর্ধ্ব-১৭ দলে দেখছি (মুশফিককে)। সে ভালো, এনার্জেটিক, অনেকক্ষণ বোলিং করতে পারে এবং জোরেও বল করতে পারে। হয়তো আগেও সুযোগ পেয়েছিল, কিন্তু ম্যাচ খেলানোর সুযোগ হয়নি। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ায় গেছে, সেখানে ভালো করবে।'