ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম, নেপথ্যে কী?
পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সফরে বেঙ্গালুরুতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করবেন তিনি।
এর একদিন আগেই বিসিবির বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পের অগ্রগতি অন্যতম আলোচ্য বিষয় ছিল। সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে দ্রুত কাজ শুরুর বিষয়ে গুরুত্বারোপ করেন বোর্ড সভাপতি তামিম।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, তামিমের সঙ্গে ভারত সফরে যাচ্ছেন বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা হবে। সেই লক্ষ্যেই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের বিভিন্ন সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তামিম। সেখানে আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্স সুবিধাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেবেন তিনি।
তবে এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কোনো আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।