অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা, যাচ্ছেন তাসকিনও
চোটের ধাক্কায় বিপাকে বাংলাদেশ দল। সম্প্রতি জিম্বাবুয়ে সফর শেষে ৪ পেসার ও এক ব্যাটার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়া সফরের আগে দলকে নিয়ে উদ্বেগও বেড়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম টেস্টের দলে জায়গা হয়নি নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাসের।
প্রথমে পরিকল্পনা ছিল, দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন নাহিদ। তবে এই তরুণ পেসারের চিকিৎসার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে সিরিজ খেলতে না পারলেও চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার অস্ট্রেলিয়ার পথে রওনা দেবেন নাহিদ। সেখানে পৌঁছে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার ইনজুরির মূল্যায়ন ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
এদিকে নাহিদের সঙ্গে একই ফ্লাইটে অস্ট্রেলিয়া যাচ্ছেন পেসার তাসকিন আহমেদও। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারা। নাহিদ পুরো সফর চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকবেন, আর তাসকিন দলের সঙ্গে যোগ দেবেন।
এর আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবি জানিয়েছিল, ‘সুস্থ হতে তার প্রায় চার সপ্তাহের মতো সময় লাগবে। এরপর বোলিংয়ের ওয়ার্কলোড বাড়ানোর জন্য আরও দুই থেকে চার সপ্তাহ সময়ের প্রয়োজন হবে। চোট পাওয়ার দিন থেকে হিসেব করলে তার সেরে উঠতে মোট ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।’