২৬ জুলাই ২০২৬, ১৮:৩৪

চমক রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ দল   © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

ঘোষিত দলে ফিরেছেন সৌম্য সরকার এবং জাকের আলী অনিক। এ ছাড়া স্কোয়াডে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে।

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে মূল সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায়। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২১ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং মুশফিক হাসান।