বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ
আগামী আগস্টে সাউথ আফ্রিকা সফরে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ইমার্জিং দল। সফরে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চারদিনের ম্যাচও খেলবে লাল-সবুজেরা। ইতোমধ্যে এই সফরের বিস্তারিত সূচিও প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
জানা গেছে, আগামী ২৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শেষ করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই অনুশীলনের মাধ্যমে সফরের প্রস্তুতি সেরে নেবে ক্রিকেটাররা।
এরপর ১ আগস্ট স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু হবে বাংলাদেশের। এরপর ৩ ও ৭ আগস্ট দুই দফায় যুক্তরাষ্ট্র ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট আবারও প্রতিপক্ষ হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে লাল বলের চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ আগস্ট। পুরো সফর শেষে ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল।
বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফরের সূচি:
তারিখ ম্যাচ প্রতিপক্ষ
১ আগস্ট প্রথম একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল
৩ আগস্ট দ্বিতীয় একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দল
৭ আগস্ট তৃতীয় একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও যুক্তরাষ্ট্র ‘এ’ দল
৯ আগস্ট চতুর্থ একদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল
১৬-১৯ আগস্ট প্রথম চারদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল
২৩-২৬ আগস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দল ও সাউথ আফ্রিকা ইমার্জিং দল