২৫ জুলাই ২০২৬, ১৬:৫৮

ছিটকে গেলেন নাহিদ রানা, শঙ্কায় লিটন-শরিফুলও

বাংলাদেশ দল   © সংগৃহীত

সাইড স্ট্রেইনের চোটের কারণে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গিয়েছেন নাহিদ রানা। চোট থেকে সেরে উঠতে তাকে অন্তত এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে।

এদিকে চোটের কারণে লিটন দাস ও শরিফুল ইসলামকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া নিয়েও অনিশ্চয়তা জেগেছে। বিসিবি সূত্র জানিয়েছে, ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর তাদের খেলা নির্ভর করছে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই কেবল তাদের খেলার সম্ভাবনা থাকবে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত দুইজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে, আসন্ন এই টেস্ট সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা। ঘোষিত ১৩ সদস্যের দলে থাকা প্রায় সবাই প্রথম একাদশে খেলার মতো অভিজ্ঞ ক্রিকেটার। একজন ছাড়া বাকি সবাই ত্রিশোর্ধ্ব এবং আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী।

মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজে কোনোভাবেই পয়েন্ট খোয়াতে চায় না প্যাট কামিন্সের দল। পাশাপাশি সামনের বড় সিরিজগুলোর প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের ফিটনেস ও পারফরম্যান্সও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে অজিরা।

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা।