২৫ জুলাই ২০২৬, ১৪:৩৭

‘সবার আগে নিজের দেশ, তারপর অন্য খেলা’

হাসান মাহমুদ  © সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। সাইড স্ট্রেইনের চোটের কারণে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতিতে হাসান মাহমুদকে পেস আক্রমণের নেতৃত্বে বাড়তি দায়িত্ব নিতে হবে। যে কারণে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মাঠ মাতালেও টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আগেভাগেই দেশে ফিরছেন ডানহাতি এই পেসার।

এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান বলেন, ‘অবশ্যই, আগে বাংলাদেশ দল। আগে নিজের দেশ, তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইনজুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। ভালো খেলার ব্যাপারে আমরা খুবই পজিটিভ। আমরা আমাদের সেরাটা দেব।’

এদিকে সাম্প্রতিক সময়ে বল হাতে বেশ ছন্দে আছেন হাসান। এ নিয়ে তার মন্তব্য, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইনজুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইনজুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার, যেন সুযোগ এলে মিস না করি।’

অন্যদিকে জাতীয় দলের দায়িত্ব কাঁধে পড়ায় মাঝপথেই এলপিএল ছাড়তে হচ্ছে তাকে। তবে এ নিয়ে আক্ষেপ নেই হাসানের, বরং বাড়তি উচ্ছ্বাসই দেখছেন এই পেসার। হাসানের ভাষ্যমতে, ‘হ্যাঁ, অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’