১৫ জুলাই ২০২৬, ১৯:৪০

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

তামিম ইকবাল  © টিডিসি ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেও (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার নেতৃত্বে বিশ্বের শীর্ষ কয়েকটি ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও কাজ করবেন।

আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের বিস্তার, আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য, খেলোয়াড়দের সুরক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে।

তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি, খেলোয়াড়দের কাজের চাপ এবং তাদের সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এসব বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে তামিমের নেতৃত্বাধীন কমিটি।

এদিকে আইসিসির সভায় কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে আইসিসির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটির বোর্ড।