০৩ জুলাই ২০২৬, ১২:৪৬

স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান  © সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এবার বিশ্ব ক্রিকেটে গড়ল নতুন মাইলফলক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনায় নিজেদের উদ্যোগে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করেছে তারা।

এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজস্ব উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে নাইট রাইডার্স।

লস অ্যাঞ্জেলেসে অবস্থিত নতুন এ স্টেডিয়ামে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। সেই ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ক্রিকেটপ্রেমীদের জন্য খুলে দেওয়া হয় নতুন এই আন্তর্জাতিক ভেন্যু।

শাহরুখ খান এক বিবৃতিতে বলেন, ‘যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যু তৈরি করেনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছে, যেখানে থাকবে কমিউনিটি, আনন্দ, বিনোদন ও একসঙ্গে থাকার অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু ক্রিকেট খেলার মাঠ নয়। পরিবার-বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর একটি জায়গা। আমরা চাই, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলুক।’

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে।

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, ‘এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের মাইলফলক।’