বাংলাদেশ সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বিশ্রামে থাকা ট্রাভিস হেডের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরী।
৩০ বছর বয়সী এই লেগ-স্পিনিং অলরাউন্ডার বর্তমানে তাসমানিয়া ও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন তিনি।
২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হারিকেন্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নিখিল। এরপর তাসমানিয়ার হয়ে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার।
এ নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘নিখিল বেশ কিছুদিন ধরেই আমাদের নজরে ছিল। এই সফরের জন্য তিনি স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে ছিলেন এবং ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পেও দলের সঙ্গে অনুশীলন করেছেন। ট্রাভিস হেডের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে গত মৌসুমে বিবিএলে তার পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে। এ বছর আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিল সে। বাংলাদেশ সফরে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রথম টি-টোয়েন্টিতেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সুযোগ পেতে পারে।’
ভারতে জন্ম নেওয়া নিখিল ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। এই সময়ে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১২টি টি-টোয়েন্টি এবং বিজয় হাজারে ট্রফিতে দুটি লিস্ট ‘এ’ ম্যাচে অংশ নেন তিনি।
এবার বাংলাদেশের বিপক্ষে যদি একাদশে সুযোগ পান নিখিল, তবে ৬২ বছর পর প্রথমবারের মতো কোনো ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তুলবেন তিনি। এর আগে, ১৯৬৪ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত লেগস্পিনার রেক্স সেলারস।