অবশেষে সত্যের জয় হলো: ক্রিকেটার নাসির
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা সুলতানা তাম্মির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পরই নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনেন তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান। যদিও দীর্ঘ লড়াই অবশেষে সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন নাসির-তামিমা দম্পতি।
বুধবার (১০ জুন) দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। রায়ে নাসির ও তামিম দুইজনকেই খালাস দেন আদালত। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট করেছেন নাসির। সেই পোস্টে সবকিছুর জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেছেন নাসির।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো। আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি—ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।’
নাসির আরও লিখেছেন, ‘সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’