০৯ জুন ২০২৬, ১৮:৩৭

নাহিদের গতির ঝড়ে এলোমেলো অস্ট্রেলিয়া 

নাহিদ রানা  © সংগৃহীত

নাহিদ রানার ভয়ংকর গতির বোলিংয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। একের পর এক বাউন্সারে বিপর্যস্ত সফরকারীদের ব্যাটিং লাইনআপ। নাহিদের ১৪৮ দশমিক ৫ কিলোমিটার গতির বাউন্সারে ১ রান করে আউট হন বার্টলেট। এতে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটে।

এর আগে আরেক বাউন্সারে অভিষিক্ত লিয়াম স্কটও টিকতে পারেননি। ১৪৬ কিলোমিটার গতির বলে গালিতে হৃদয়র হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

মাঝে গুরুত্বপূর্ণ সময়েও ব্রেকথ্রু এনে দিয়েছিলেন নাহিদ। তার দুর্দান্ত এক ডেলিভারিতে ৪৭ রান করা অ্যালেক্স ক্যারি প্যাভিলিয়নে ফেরেন।

যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসকে দিয়েই উইকেট মিছিলের শুরুটা করেছিলেন নাহিদ। নাহিদের বলেই ১৯ রানে থামেন তিনি। পরে আউটের পর ইংলিসের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাহিদ, যদিও পরে নাজমুল হোসেনসহ অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।