শান্তর হাফ-সেঞ্চুরি, টিকলেন না লিটন
সাইফ হাসানের দ্রুত বিদায়ের পর তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কা সামলে দুজনে মিলে গড়েন ৯১ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ফিফটি ছুঁয়ে ইনিংস আর বড় করতে পারেননি তানজিদ। তার বিদায়ের পর নাজমুলের সঙ্গী হিসেবে ক্রিজে আসেন লিটন দাস। এই জুটিতেই নিজের ফিফটি পূর্ণ করেন নাজমুল। ৫৭ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের ১২তম পঞ্চাশ।
অন্যপ্রান্তে দুই অঙ্ক স্পর্শ করার আগেই প্যাভিলিয়নে ফেরেন লিটন। ম্যাট রেনশর বলে উইকেট ছেড়ে এগিয়ে এসে মিড অফ দিয়ে খেলতে চেয়েছিলেন লিটন। তবে ঠিকমতো সংযোগ না হওয়ায় সহজেই ক্যাচে পরিণত হয় বলটি। ফলো থ্রুতে নিজের বল নিজেই তালুবন্দি করেন রেনশ। ৯ বলে ৭ রান করে বিদায় নেন লিটন।
অবশ্য এর আগেও একবার আউট হওয়ার শঙ্কায় পড়েছিলেন উইকেটকিপা এই ব্যাটার। কাভারের উপর দিয়ে শট খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো টাইমিং করতে পারেননি তিনি। বলটি বাতাসে উঠলে নাথান এলিস দৌড়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন, তবে অল্পের জন্য তা হাতছাড়া হয়ে যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৪০ রান। শান্তর সঙ্গে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়।
এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। নাথান এলিসের করা ওই ওভারের দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের কাছাকাছি ফুল লেংথ ডেলিভারি, যা পিচে পড়ার পর হঠাৎ বাইরে সরে যায়। ড্রাইভ করতে গিয়ে সাইফের ব্যাটের কানায় লেগে বল উঠে যায় স্লিপে। সেখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন লাবুশেন।