তামিমের বোর্ডের প্রথম সভা মঙ্গলবার, আলোচনায় যেসব বিষয়
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে রবিবার (৭ জুন)। সারা দিন ভোট গ্রহণের পর সন্ধ্যায় ২৫ জন পরিচালকের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। এর মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা ও বিভাগ থেকে ১০ জন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও ২ জন মনোনয়ন পেয়েছেন।
এই ২৫ জন পরিচালককে নিয়ে প্রথমবারের মতো সভায় বসতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। আগামী মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ সভা। সেখানে নতুনদের সঙ্গে পরিচয়পর্ব ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
জানা গেছে, সভায় স্ট্যান্ডিং কমিটি গঠন চূড়ান্ত হতে পারে। এ ছাড়া অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দলসহ কোচিং স্টাফ নিয়োগ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা থাকছে।