‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’, ঈদের নামাজ শেষে তাসকিন
সারাদেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবারের ঈদও ঢাকাতেই কাটাচ্ছেন। ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের ক্রিকেট নিয়েও আলাপ করেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করলেও, তার দলের সক্ষমতার প্রতি আত্মবিশ্বাস রাখছেন তাসকিন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে তাসকিন বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সামনেও এই তাওফিক দেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে তাসকিন জানান, ‘আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে।’
অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই পেসার, ‘ইনশাআল্লাহ, ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো দেরি আছে। তার আগে বেশ কিছু খেলা আছে। বর্তমান নিয়েই চিন্তা করছি।’