২৪ মে ২০২৬, ১৫:০৭

বিশ্বকাপে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি   © বিসিবি

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শিগগিরই দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে রবিবার (২৪ মে) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে নানা বিষয়ে কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

এদিকে বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। আগামী ৩০ মে থেকে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত হবে এই সিরিজ এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মনে করছেন জ্যোতি।

মিরপুরে জ্যোতি বলেন, ‘আমরা যেহেতু ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য স্কটল্যান্ডে যাব। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে আমাদের দলটা আসলে কতটুকু ভালো ক্রিকেট খেলবে। বিশ্বকাপের মতো মঞ্চে যদি আমরা সম্মিলিতভাবে ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই আগের অনেক বিশ্বকাপের চেয়ে ভালো ফলাফল পাবো।’

পেসার মারুফা আক্তারকে নিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘মারুফার কথা যদি বলি সে ধারাবাহিকভাবে দলের জন্য অনেক ভালো করে আসছে, পারফর্ম করছে এবং বলব যে তৃষ্ণাও কিন্তু যে নিজেকে প্রমাণ করেছে। গত সিরিজে ওর পারফরম্যান্স দেখেছি এবং কোয়ালিফাইয়ে দুয়েকটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে।’

দল নিয়ে আশাবাদী জ্যোতির ভাষ্য, ‘সবকিছু বিবেচনায় রেখে আসলে দল নির্বাচন করা হয়েছে। নির্বাচকরা ওভাবেই চিন্তা করে দল দিয়েছেন। আমি যেটা মনে করি যে যথেষ্ট ব্যাটার আছে দলে, বোলিং আক্রমণও অনেক ভালো আছে। এখন হচ্ছে আসলে আমাদের ভালো খেলার পালা।’