২৩ মে ২০২৬, ১৩:৩৪

আইপিএলে নতুন বিতর্কে কোহলি

হেডের সঙ্গে হাত মেলাননি কোহলি   © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে নিজেদের সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বিরাট কোহলির দল। তবে এমন দিনেও নতুন বিতর্কের জন্ম দেন কিং কোহলি। ম্যাচ শেষে ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলাননি ভারতীয় এই ব্যাটিং গ্রেট।

শুক্রবারের ম্যাচের ঘটনা এটি। এদিন সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগে ব্যাট করে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে হায়দরাবাদ। জবাবে ২০০ রানের গণ্ডিও পেরোতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ব্যাঙ্গালুরু।

রান তাড়ায় সাধারণত ভয়ঙ্কর হয়ে ওঠা কোহলি এদিন নিষ্প্রভ ছিলেন। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিব হোসেনের বলে কাভারে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১ বলে মাত্র ১৫ রান করেন।

পরে রজত পাতিদার ও ক্রুনাল পান্ডিয়া লড়াই চালালেও দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা সৌজন্য বিনিময় করলেও সেখানেই নতুন আলোচনা তৈরি হয়। মাঠ ছাড়ার সময় ব্যাঙ্গালুরুর খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান হায়দরাবাদের ক্রিকেটাররা। যেখানে শুরুতে প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে হাত মেলান কোহলি।

তবে ঠিক পেছনে থাকা ট্রাভিস হেড হাত বাড়ালেও সেদিকে না তাকিয়ে এগিয়ে গিয়ে ঈশান কিষানের সঙ্গে করমর্দন করেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় বিতর্ক।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ চলাকালে কোহলি ও হেডের মধ্যে কথার লড়াই হয়েছিল। ব্যাটিংয়ের সময় কোহলি নাকি হেডকে উদ্দেশ করে বলেন, ‘তুমি যেহেতু সাবস্টিটিউট হয়ে বাইরে যাওনি, তাহলে এক ওভার বোলিং করে যাও।’

এর কিছুক্ষণ পর আউট হয়ে ফেরার সময় হেড পাল্টা জবাব দেন, ‘আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে।’

ধারণা করা হচ্ছে, সেই উত্তেজনার রেশ থেকেই ম্যাচ শেষে হেডের সঙ্গে হাত না মেলানোর ঘটনাটি আলোচনায় এসেছে।