১৮ মে ২০২৬, ১৯:১২

সবার ওপরে এখন মুশফিক

মুশফিকুর রহিম  © সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে মুশফিকুর রহিমের দখলে। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন সতীর্থ মুমিনুল হককে।

সোমবার (১৮ মে) সিলেট টেস্টে চা-বিরতির পর পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে শতকের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।  

রেকর্ড সেঞ্চুরি করতেই মুশফিককে দাঁড়িয়ে অভিবাদন জানান সতীর্থ-স্টাফসহ দর্শকরা। অবশ্য শুধু তাদের কাছ থেকেই নন, প্রতিপক্ষের কাছ থেকেও করতালি কেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের এটি ১০ম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি। ২০২৪ সালের আগস্টে  রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচ উইনিং ১৯১ রানের ইনিংসের পর এই প্রতিপক্ষের বিপক্ষে ২ টেস্ট বিরতি দিয়ে করেছেন দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন।

আজকের আগ পর্যন্ত দু’জনই ১৩ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। তিন সংস্করণ মিলিয়ে তার চেয়ে দু’টি সেঞ্চুরি বেশি আছে তামিম ইকবালের। এসব রেকর্ড ভাঙা–গড়ার খেলা ছাপিয়ে মুশফিক অবশ্য এখন আরও ওপরে।