১৮ মে ২০২৬, ১০:৩১

আইপিএলের প্লে-অফ: কোন দলের কী সমীকরণ?

আইপিএল শিরোপা   © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের লিগ পর্বের খেলা প্রায় শেষ। তবে এর আগে জমজমাট প্লে-অফের লড়াই। ১০ দলের এই টুর্নামেন্টে কেবল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শেষ চার নিশ্চিত করেছে। এ ছাড়া ইতোমধ্যেই আসর থেকে বিদায়ঘণ্টা বেজেছে লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের। বাকি তিনটি জায়গার জন্য এখন লড়াই করছে বাকি ৭টি দল। দেখে নেওয়া যাক, প্লে-অফে খেলতে কোন দলকে কী করতে হবে। 

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

রবিবার (১৭ মে) নিজেদের সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ২৩ রানে হারিয়ে চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গত আসরের শিরোপাজয়ী দলটি। ১৩ ম্যাচে ৯ জয় নিয়ে শীর্ষে থাকা দলটি প্রথম কোয়ালিফায়ারে খেলার দাবিও জোরদার করল।

গুজরাট টাইটান্স

১৩ ম্যাচ শেষে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে গুজরাট। প্লে-অফে খেলতে চেন্নাইয়ের বিপক্ষে বাকি থাকা একমাত্র ম্যাচটি জিততেই হবে তাদের। অন্যথায় সমীকরণের মারপ্যাঁচে পড়তে হতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদ

১২ ম্যাচে ৭ জয়ে হায়দরাবাদের সামনে সমীকরণটা বেশ সহজ। প্লে-অফের আশা টিকিয়ে রাখতে চেন্নাই ও ব্যাঙ্গালুরুর বিপক্ষে বাকি দুই ম্যাচেই জিততে হবে। আর একটি ম্যাচে হারলে, তখন অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

পাঞ্জাব কিংস

১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের সামনে এখনো প্লে-অফের সুযোগ। এজন্য আরসিবি ও লখনৌর বিপক্ষে বাকি দুই ম্যাচেই জিততে হবে তাদের। তবে শুধু নিজেদের জয়ই যথেষ্ট নয়, রাজস্থান এবং চেন্নাইকেও বাকি ম্যাচগুলোতে হারতে হবে। পাশাপাশি কলকাতার পয়েন্ট যেন ১১-এর বেশি না হয়, সেটিও চাইবে পাঞ্জাব। আর একটি ম্যাচে হারলে, তখন সমীকরণ আরও কঠিন হয়ে যাবে; সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

রাজস্থান রয়্যালস

১২ ম্যাচে ১২ পয়েন্টে টেবিলের ছয়ে থাকা দলটির সামনে প্লে-অফে ওঠার সমীকরণ একদম স্পষ্ট। বাকি দুই ম্যাচেই জিততে হবে তাদের। তবে দুটি ম্যাচ জিতলেও সম্ভাবনা পুরোপুরি শেষ হবে না। সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলাফল ও নানা ‘যদি-কিন্তু’র ওপর সমীকরণ মেলাতে নির্ভর করতে হবে।

চেন্নাই সুপার কিংস

সর্বশেষ ম্যাচে লখনৌর কাছে হারের পর চেন্নাইয়ের প্লে-অফ ভাগ্য আর নিজেদের হাতে নেই। বাকি দুই ম্যাচে জিতলেও অন্য দলগুলোর ফল নিজেদের পক্ষে পেতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

কলকাতা নাইট রাইডার্স

গুজরাটকে হারিয়ে ১১ পয়েন্ট পাওয়া কেকেআরের সামনে এখন কঠিন সমীকরণ। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তাতেও নিশ্চিত নয় শেষ চার। কেননা, চেন্নাই, পাঞ্জাব, রাজস্থান ও হায়দরাবাদ যেন পয়েন্ট টেবিলে তাদের টপকে যেতে না পারে, সেই প্রার্থনাও করতে হবে। এমনকি দুই ম্যাচ জিতেও বিদায় নিতে হতে পারে কেকেআরকে। আর একটি ম্যাচ জিতলে, তখন নেট রানরেট ও অন্য দলগুলোর ফলাফলের জটিল হিসাব-নিকাশে সমীকরণ গড়াবে।

দিল্লি ক্যাপিটালস

কার্যত প্লে-অফের আশা শেষ হলেও কাগজে-কলমে এখনও টিকে আছে দিল্লির সম্ভাবনা। তবে বাকি একটি ম্যাচ জিতলেও ঋণাত্মক ০ (শুন্য) দশমিক ৯৯৩ রানরেটের কারণে শেষ চারে ওঠা তাদের জন্য প্রায় অসম্ভব। এর পাশাপাশি চাইবে আরসিবি, গুজরাট ও হায়দরাবাদ নিয়মিত জিতুক। কিন্তু হায়দরাবাদ ও ব্যাঙ্গালুরুর মধ্যে সরাসরি ম্যাচ থাকায় সেই সমীকরণও পুরোপুরি মেলার সুযোগ নেই।