১৬ মে ২০২৬, ১৫:০২

ফের ব্যাটিং ধস, লিটনে আস্থা রেখে চা-বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   © বিসিবি

প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও আরও ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। লাঞ্চের পর মাত্র ১৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

তবে বিপর্যয়ের পর দলকে সামাল দেওয়ার চেষ্টা করছেন লিটন দাস ও তাইজুল ইসলাম। ইতোমধ্যেই ৫২ রান যোগ করেছে এই জুটি। এতে চা-বিরতির আগ পর্যন্ত ৫৪ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান জড়ো করেছে স্বাগতিকরা। লিটন ৪২ ও তাইজুল ১১ রানে অপরাজিত আছেন।

মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফেরার পরই স্বাগতিকদের চেপে ধরে পাকিস্তান। সেই চাপেই ভেঙে যায় নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৪৩ রানের প্রতিরোধ। মোহাম্মদ আব্বাসের বলে রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার দলপতি। ফেরার আগে শান্তর ব্যাট থেকে ২৯ রান এসেছিল। 

পরে মুশফিক ফেরায় বিপদ আরও বাড়ে লাল-সবুজ শিবিরের। খুররম শেহজাদের ভেতরে ঢোকা বলে ২৩ রান করে এলবিডব্লিউ হন মিডল-অর্ডার এই ব্যাটার। যদিও ব্যক্তিগত ১৮ রানে জীবন পেয়েছিলেন মুশি। উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেয়নি পাকিস্তান। পরে রিপ্লেতে দেখা যায় বল মুশফিকের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল।

পরে ৪ রান করে আউট হন মিরাজও। শেহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। এতে লাঞ্চের পর ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন লিটন দাস। তাকে দারুণ সঙ্গ দেন তাইজুলও। এই জুটিতেই ৬ উইকেটে ১৬৮ রান নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে যায় বাংলাদেশ। লিটন ৪২ আর তাইজুল ১১ রানে অপরাজিত আছেন।

এর আগে, ঢাকা টেস্টের পর সিলেটেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দ্রুতই এর সুফলও পায় সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য এনে দেন মোহাম্মদ আব্বাস। মাহমুদুল হাসান জয়কে শূন্য রানে সাজঘরে ফেরান ঢাকা টেস্টে ফাইফার পাওয়া এই পেসার।

পরে অভিষিক তানজিদ তামিমকে নিয়ে দলীয় হাল ধরেছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। তবে দলীয় পঞ্চাশ ছোঁয়ার আগেই এই ওপেনারও বিদায় নেন। ঢাকা টেস্টের দলীয় আস্থার প্রতীক হয়ে উঠলেও সিলেটে ভরসার নাম হয়ে উঠতে পারেননি মুমিনুলও। দলীয় ৬৩ রানে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। তামিম ৩৪ বলে ২৬ ও মুমিনুল ৪১ বলে ২২ রান করেন। 

তৃতীয় উইকেটে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেয় শান্ত-মুশফিক। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়েই তিন অঙ্ক ছুঁয়ে ফেলে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান জড়ো করেছিল স্বাগতিকরা।