শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
মুমিনুল হকের টানা পাঁচ ইনিংসের অর্ধশতকের ধারাও সিলেট টেস্টে কাজে আসেনি। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্রুত বিদায় নেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম। তবে চাপে পড়া দলকে সামাল দেওয়ার দায়িত্ব এখন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে।
শনিবার (১৬ মে) ঢাকা টেস্টের পর সিলেটেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দ্রুতই এর সুফলও পায় সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য এনে দেন মোহাম্মদ আব্বাস। মাহমুদুল হাসান জয়কে শূন্য রানে সাজঘরে ফেরান ঢাকা টেস্টে ফাইফার পাওয়া এই পেসার।
পরে অভিষিক তানজিদ তামিমকে নিয়ে দলীয় হাল ধরেছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। তবে দলীয় পঞ্চাশ ছোঁয়ার আগেই এই ওপেনারও বিদায় নেন। ঢাকা টেস্টের দলীয় আস্থার প্রতীক হয়ে উঠলেও সিলেটে ভরসার নাম হয়ে উঠতে পারেননি মুমিনুলও। দলীয় ৬৩ রানে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। তামিম ৩৪ বলে ২৬ ও মুমিনুল ৪১ বলে ২২ রান করেন।
তৃতীয় উইকেটে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেয় শান্ত-মুশফিক। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়েই তিন অঙ্ক ছুঁয়ে ফেলে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত ২৬ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান জড়ো করেছে স্বাগতিকরা। মুশফিক ১৮ ও শান্ত ২৬ রানে অপরাজিত আছেন।