১৬ মে ২০২৬, ১০:২৬

সাদা বলের ক্রিকেটে অভিষেক তানজিদ তামিমের

তানজিদকে টেস্ট ক্যাপ তুলে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর  © সংগৃহীত

সিলেট টেস্ট দিয়ে আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে অভিষেক হলো ওপেনার তানজিদ হাসান তামিমের। ম্যাচ শুরুর আগে তাকে টেস্ট ক্যাপ তুলে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশের ১০৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হলেন এই বাঁহাতি ব্যাটার।

সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যে নিজেকে পরিচিত করে তোলা তানজিদ প্রথম শ্রেণির ক্রিকেটেও দেখিয়েছেন ধারাবাহিকতা। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৪২ গড়ে তার সংগ্রহ ১ হাজার ৭৯২ রান। রয়েছে ৫টি সেঞ্চুরিও।

মিরপুরের পর সিলেটেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আগে ব্যাটিংয়ে নেমেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

আজ শনিবার (১৬ মে) থেকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চোটের শঙ্কা থাকলেও স্বাগতিকদের একাদশে আছেন মাহমুদুল হাসান জয়। আর প্রথম টেস্ট খেলা সাদমান ইসলামের জায়গায় ‍যুক্ত হয়েছেন তানজিদ তামিম। এ ছাড়া গত টেস্টে নির্বিষ বোলিং করা এবাদত হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে এলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে মিরপুর টেস্টে বিশ্রামে থাকা বাবর আজমের দলে আসার তথ্য আগেই মিলেছিল। এ ছাড়া পেসার খুররম শেহজাদ এবং স্পিনার সাজিদ খানকে নেওয়া হয়েছে একাদশে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক, পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনার নোমান আলি।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।