১৪ মে ২০২৬, ১৭:১১

সিলেট টেস্টের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ!

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। ঢাকা টেস্ট ১০৪ রানে জয়ের পর ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে টাইগাররা। আগামী ১৬ মে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দল দুটি। সিলেট টেস্টকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন করছে দুই দলই। 

তবে এই সিরিজ মাঠে গড়ানোর আগে দুঃসংবাদ টাইগার শিবিরে। ঢাকা টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) সিলেটে ব্যাটিং অনুশীলনের সময় আবারও মাথাচড়া দিয়ে উঠেছে সেই চোট। মাত্র কয়েকটি বল খেলেই মাঠ ছাড়েন এই ওপেনার। বিসিবি সূত্র বলছে, চোটের কারণে সিলেট টেস্টে খেলা হচ্ছে না তার।

এদিকে সাদমানের বিকল্প হিসেবে এরই মধ্যে জাকির হাসানকে দলে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। মূলত ব্যাকআপ হিসেবেই তাকে সিলেটে উড়িয়ে নেওয়া হয়েছে। যদিও বিসিবির সূত্র বলছে, ঢাকা থেকে সিলেটে আনা হলেও দ্বিতীয় ও শেষ টেস্টে তানজিদ হাসান তামিমের অভিষেক হতে পারে।

সিলেট টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।