পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, তামিমের যে প্রতিক্রিয়া
আগামী জুনে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে টাইগারদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এরই মধ্যে সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ঘোষিত দলে পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের মতো অভিজ্ঞরা নেই। তাদের অনুপস্থিতিতে মিচেল মার্শ দলকে নেতৃত্ব দেবেন। তবে মার্নাস ল্যাবুশ্যান ও ট্র্যাভিস হেডের মতো ক্রিকেটাররাও স্কোয়াডে আছেন। পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস।
এদিকে অস্ট্রেলিয়ার দল ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবিপ্রধান তামিম ইকবাল। তার ধারণা, সিরিজটি চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য।
তামিম বলেন, 'হ্যাঁ আমি দুটো স্কোয়াডই দেখেছি। সম্ভাব্য সেরা দলই পাঠাচ্ছে। এক-দুজন খেলোয়াড় হয়ত মিসিং থাকতে পারে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আমি নিশ্চিত, কোচ, অধিনায়ক, নির্বাচন যারাই এটার দায়িত্বে আছেন তারা এটা নিয়ে কাজ করছেন। আমি আশাবাদী।'