১২ মে ২০২৬, ১৪:৪৪

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

তামিম ইকবাল  © সংগৃহীত

দেশীয় ক্রিকেটারদের উৎসাহ দিতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা চালু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটি। নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে যেখানে সেরা পারফর্মারদের জন্য বাইক উপহার রাখা হয়েছিল, এবার অস্ট্রেলিয়া সিরিজে থাকছে আরও বড় চমক। 

বাইকের পরিবর্তে এবার বিলাসবহুল চেরি গাড়ি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পরে তামিম জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে যে ক্রিকেটার সেরা পারফরম্যান্স দেখাবেন, তিনি পাবেন এই বিলাসবহুল গাড়ি।

তামিমের ভাষ্য, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেল্যুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।’

তিনি আরও বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে। গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই (সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল) পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

তামিম দায়িত্ব নেওয়ার পর স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ বেড়েছে কিনা, এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন। আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে। বোর্ড সবচেয়ে বড় জিনিস, এরপর ইন্ডিভিজ্যুয়াল।’