১১ মে ২০২৬, ১৯:৪৬

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ঢাকা টেস্ট

মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

চতুর্থ দিনের সকালটা বাংলাদেশের জন্য মোটেই সুখকর ছিল না। দুই ওপেনার দ্রুত ফেরায় চাপে পড়েছিল টাইগাররা। তবে, সেই ধাক্কা সামলে দৃঢ়তা আর ধৈর্যের গল্প লেখেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

এই জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগার শিবির। কিন্তু ঠিক তখনই বাধা হয়ে আসে বৃষ্টি। দিনের দ্বিতীয় সেশন পুরোপুরি ভেসে যায় বৃষ্টির পানিতে। আর চা বিরতির পর ফের গড়ায় খেলা। তবে আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

তাতেই জমে ওঠা লড়াই পঞ্চম দিনের রোমাঞ্চে গড়াল। দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। ৭ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড ১৭৯ রান।

সোমবার (১১ মে) মিরপুর শের-ই-বাংলায় চতুর্থ দিনের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে জয়ের বিদায়ের পর ৮ রান তুলতেই আরেক ওপেনার সাদমানকেও হারায় স্বাগতিকেরা।

প্রথম ইনিংসে ৮ রান করা জয় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের শিকার হয়ে ৫ রান করে ফেরেন তিনি।

এরপর চতুর্থ দিনে প্রথমবার বোলিংয়ে এসে দ্রুতই সাফল্য পান হাসান আলী। তার করা ওভারের চতুর্থ বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন সাদমান ইসলাম। বল ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের হাতে জমা পড়ে। ২২ বলে ১০ রান করেন এই ওপেনার।

তবে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সেই চাপ সামলে দলের লিড এক শ' ছাড়িয়ে দেন শান্ত ও মুমিনুল। প্রথম ইনিংসে ১৭০ রানের দুর্দান্ত জুটি গড়া এই দুই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও দারুণ বোঝাপড়া দেখান। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েই মধ্যাহ্নভোজে যায় স্বাগতিকেরা। 

তবে হঠাৎই হানা দেয় বেরসিক বৃষ্টি। প্রাকৃতিক এই নিয়ামকের বাধায় তিন ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল খেলা। তবে বৃষ্টি বাগড়ায় পরও আধিপত্য দেখায় শান্ত-মুমিনুল জুটি। শান্তকে নিয়ে শতরানের জুটি গড়েন মুমিনুল। 

এরই মাঝে ফিফটি ছুঁয়ে নতুন একটি মাইলফলকঅ নিজের দখলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫০০০ রান করেছেন মুমিনুল। 

শান্তও অপরপ্রান্তে হাফ-সেঞ্চুরি স্পর্শ করেন। আফ্রিদির করা ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেন শান্ত। টেস্টে এটি তার ষষ্ঠ ফিফটি।
এই ওভারের পঞ্চম বলে আউট হন মুমিনুল। ৫৬ রান করেছেন তিনি।

এরপর ক্রিজে এসে শান্তকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মুশফিক। তবে আলোক–স্বল্পতায় আজও খেলা শেষ হয় আগেই। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ১৭৯ রানের। শান্ত ৫৮ রান ও মুশফিক ১৬ রান নিয়ে মঙ্গলবার (১২ মে) পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন।

এরও আগে, বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিল বিনা উইকেটে ৭ রান নিয়ে।