১১ মে ২০২৬, ১৫:৪৭

বাবর আজমকে ঘিরে সুসংবাদ

বাবর আজম  © সংগৃহীত

চোট কাটিয়ে অবশেষে নেটে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন বাবর আজম। এতে সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের তারকা এই ব্যাটারের খেলার সম্ভাবনা আরও জোরালো হলো।

মূলত বাঁ হাঁটুর চোটের কারণে মিরপুর টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন বাবর। তবে দ্রুত সেরে উঠে এখন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন তিনি।

ব্যাটিং কোচ আসাদ শফিকের তত্ত্বাবধানে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। পুরো সেশনজুড়ে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখেন দলের ফিজিওথেরাপিস্ট ও ট্রেনাররা। এ ছাড়া অনুশীলনের সময় বাবরের মধ্যে কোনো ধরনের অস্বস্তি দেখা যায়নি। উইকেটের মাঝে দৌড়ানোর অনুশীলনেও তিনি ছিলেন স্বাচ্ছন্দ্যপূর্ণ।

জানা গেছে, বাবরের চোট গুরুতর ছিল না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই প্রথম টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এ ছাড়া দল থেকে বাদ পড়ার বিষয়ে বাবর নিজে কোনো অনুরোধ করেননি বলেও জানা গেছে, সিদ্ধান্তটি পুরোপুরিই টিম ম্যানেজমেন্টের ছিল।

অন্যদিকে দারুণ ফর্মেও আছেন বাবর। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।