জয়ের পর ব্যর্থ সাদমানও
চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। প্রথমে বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়, এরপর সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলামও।
প্রথম ইনিংসে ৮ রান করা জয় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের শিকার হয়ে ৫ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর চতুর্থ দিনে প্রথমবার বোলিংয়ে এসে দ্রুতই সাফল্য পান হাসান আলী। তার করা ওভারের চতুর্থ বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন সাদমান ইসলাম। বল ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের হাতে জমা পড়ে। ২২ বলে ১০ রান করেন এই ওপেনার।
দুই ওপেনারের বিদায়ে ২৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। বর্তমানে ক্রিজে আছেন মুমিনুল হক ও নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসের ৪১৩ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিল বিনা উইকেটে ৭ রান নিয়ে।