চমক রেখে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মিচেল মার্শকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য এই সফর থেকে বিশ্রামে রাখা হয়েছে তাদের।
ওয়ানডে দলে অধিনায়ক মিচেল মার্শ ছাড়াও আছেন জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি স্কোয়াডেও নেতৃত্বে থাকছেন মার্শ। এই দলে সুযোগ পেয়েছেন জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুটি ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচগুলো মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ জুন।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান সফরেও যাবে অস্ট্রেলিয়া। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। পাকিস্তান সিরিজের জন্যও আলাদা স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পাকিস্তান সফরের ওয়ানডে দলে আছেন মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।