সেঞ্চুরি করা আওয়াইসকে ফিরিয়ে স্বস্তি আনলেন তাসকিন
অবশেষে বড় সাফল্য পেল বাংলাদেশ। দীর্ঘ সময় দাপট দেখানো আওয়াইসকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। তার দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলে দেন এই ব্যাটার আর চমৎকার ক্যাচটি লুফে নেন অধিনায়ক শান্ত।
এর মধ্য দিয়ে ভেঙে যায় আওয়াইস ও ফজলের ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। দিনের হিসাবে এটি ছিল তাসকিনের দ্বিতীয় ওভার আর সেই ওভারেই এনে দেন কাঙ্ক্ষিত সাফল্য। অভিষেক ইনিংসেই দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেওয়া আওয়াইস ১৬৫ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২২০ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে এখন ক্রিজে এসেছেন শান মাসুদ। অন্য প্রান্তে আরেক অভিষিক্ত ফজলও ফিফটি ছুঁয়ে ফেলেছেন।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর পর সেঞ্চুরির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আজান আওয়াইসের। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ব্যাটার পঞ্চম ওভারেই পৌঁছে যান তিন অঙ্কের মাইলফলকে। নাহিদ রানার করা ৫১তম ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। ১৫৩ বলে সাজানো এই দারুণ ইনিংসে ছিল ১৪টি চারের মার।