০৯ মে ২০২৬, ১৮:১৪

বাংলাদেশের বাজে বোলিংয়ের ফায়দা লুটে পাকিস্তানের দাপট

বাংলাদেশ দল   © সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়াকে গুরুত্ব দিয়েই ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন তাসকিন আহমেদ।  এতে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৪১৩ রান।

জবাবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান। বিশেষ করে অভিষিক্ত আজান আওয়াইস দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বচ্ছন্দ হয়ে ওঠেন এবং হাফ-সেঞ্চুরিও তুলে নেন। অন্যপ্রান্ত থেকেও ভালো সমর্থন পায় পাকিস্তান। ফলে প্রথম দিনের খেলা শেষে এক উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

দিনশেষে অবশ্য এখনো ২৩৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। তবে হাতে ৯ উইকেট থাকায় তৃতীয় দিনে ম্যাচে ফেরার ভালো সুযোগ দেখছে দলটি। অন্যদিকে বাংলাদেশও চাইবে দ্রুত উইকেট তুলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে।

শনিবার (৯ মে) মিরপুরে বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ওপেনিংয়ে নামেন আজান আওয়াইস ও ইমাম-উল-হক। শুরু থেকেই ধৈর্য ধরে ব্যাট করতে থাকেন তারা। খারাপ বল পেলেই রান তুলেছেন সাবলীলভাবে। মাঝে পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন কয়েকবার সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা।

এ ছাড়া চা বিরতির ঠিক আগে গতি ও বাউন্সে ব্যাটারদের চাপে ফেলেন নাহিদ রানা। একপর্যায়ে ইমাম-উল-হককে এলবিডব্লিউয়ের ফাঁদেও ফেলেছিলেন প্রায়, তবে রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হয়নি পাকিস্তানের। বাংলাদেশের বোলাররা উইকেটশূন্য থাকায় ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলে চা বিরতিতে যায় সফরকারীরা।

তবে চা-বিরতির পর সফরকারীদের উদ্বোধনী জুটির দাপট থামান মেহেদী মিরাজ। ইনিংসের ২২তম ওভারে ইমাম-উল-হককে ফিরিয়ে ভাঙেন ১০৬ রানের ওপেনিং জুটি। ৭২ বল মোকাবিলা করে ৬ চারে ৪৫ রান করেন ইমাম।

একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে দারুণ আত্মবিশ্বাসে ব্যাট চালিয়ে যান অভিষিক্ত আজান আওয়াইস। মাত্র ৬৫ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট অর্ধশতক। তার ফিফটির ওপর ভর করেই ২১তম ওভারেই দলীয় শতক স্পর্শ করে পাকিস্তান।

এই জুটিতেই দেড় শ ছুঁয়ে ফেলে দ্য গ্রিন ম্যানরা। আওয়াইসের সঙ্গে আত্মবিশ্বাসী ব্যাটিং চালিয়ে যান আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল। যদিও প্রথম ১৮ বলে কোনো রানই করতে পারেননি তিনি। মাঝে ২৯ রানে পৌঁছানোর পর গালিতে তার সহজ ক্যাচ হাতছাড়া করেন সাদমান। অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে এগোতে থাকেন আওয়াইস। দিনশেষে ১৩৩ বলে ৮৫ রানে অপরাজিত তিনি, আর ফজল অপরাজিত ৭৮ বলে ৩৭ রানে। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে পাকিস্তান।

এর আগে, প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন বাকি ৬ উইকেটে ১১২ রান যোগ করে ১১৭ দশমিক ১ ওভারে ৪১৩ রানে অলআউট হয় টাইগাররা।

বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১, মুমিনুল হক ৯১, মুশফিকুর রহিম ৭১, লিটন দাস ৩৩, মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭ এবং তাসকিন আহমেদ ২৮ রানে আউট হন।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নেন।