০৯ মে ২০২৬, ১৮:০১

মাঠে খেলোয়াড়দের ব্লগিং নিষিদ্ধ করল বিসিসিআই

প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্নীতি দমনে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে সেটা এখন গড়াচ্ছে মাঠ পর্যন্ত। বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে খেলোয়াড়, সম্প্রচারক, কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা মাঠের ভেতর কোনো ধরণের ভিডিও ধারণ করতে পারবে না। খবর এনডিটিভির

বিসিসিআই-এর নতুন এই নীতি অনুযায়ী, বোর্ড বা কোনো আইপিএল দলের সাথে সংশ্লিষ্ট যে কেউ মাঠের ভেতর ভিডিও তৈরি করলে তাকে আইনি নোটিশের মুখোমুখি হতে হতে পারে। মূলত খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়াল এরিয়া (পিএমওএ) সংলগ্ন স্থানে ভিডিও ধারণের মাধ্যমে তথ্যের গোপনীয়তা বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে—এমন শঙ্কা থেকেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 

সম্প্রতি পাঞ্জাব কিংসের পেসার আরশদীপ সিংকে তার সোশ্যাল মিডিয়া ভ্লগিং বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। সেই ঘোষণার একদিন পরই এই আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার খবরটি সামনে এল।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, এবারের আইপিএলে বেশ কয়েকজন ধারাভাষ্যকার এবং সম্প্রচারক ইতিমধ্যেই এই নিয়ম ভঙ্গ করায় বিসিসিআই-এর তিরস্কারের মুখে পড়েছেন। একটি ম্যাচের উত্তেজনাকর মুহূর্তে ডাগআউটের কাছে এক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে মোবাইল ফোনে ভিডিও করতে দেখা গেলে বিসিসিআই-এর দুর্নীতি দমন ইউনিট দ্রুত ব্যবস্থা নিয়ে তা বন্ধ করে দেয়। এমনকি নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণ করা সেই সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে। বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা বোর্ডের বা আইপিএলের আনুষ্ঠানিক পোশাক পরিহিত থাকবেন, তারা কোনোভাবেই মাঠের ভেতর চিত্রধারণ করতে পারবেন না।

বোর্ডের এই কঠোর নজরদারি কেবল খেলোয়াড় বা কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও আইপিএল চলাকালীন মাঠের ভেতরের কোনো ছবি বা ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেখানে। 

জানা গেছে, বিসিসিআই বর্তমানে আইপিএল দলগুলোর মধ্যে ছড়িয়ে পড়া রিল সংস্কৃতি বা মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে উদ্বিগ্ন। এছাড়া যুজবেন্দ্র চাহালের বিমানে ধূমপান সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই আরশদীপ সিংকে ভ্লগিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার বিষয়টি ইঙ্গিত দেয় যে, খেলোয়াড়দের অফ-ফিল্ড কার্যক্রম নিয়ন্ত্রণে বিসিসিআই এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই নতুন প্রটোকল অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলোর কন্টেন্ট টিম ছাড়া অন্য কেউ মাঠের সংবেদনশীল এলাকায় ক্যামেরা ব্যবহার করতে পারবে না।