তামিমের রেকর্ড ভাঙলেও আক্ষেপেই জন্মদিন উদযাপন মুশফিকের
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সতীর্থদের সঙ্গে ৩৯তম জন্মদিন উদযাপন করেন মুশফিকুর রহিম। কেক কাটার পর ব্যাট হাতেও দিনটিকে স্মরণীয় করে তোলেন এই অভিজ্ঞ ব্যাটার। নিজের টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি গড়েন নতুন এক রেকর্ড, যেখানে ছাড়িয়ে যান দেশের অন্য সব ব্যাটারকে। ভেঙে দেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কীর্তিও।
এতে মাঠের উপস্থিত ভক্ত-সমর্থকরা প্রত্যাশা করেছিলেন, তিন অঙ্কের ম্যাজিক ফিগারও ছুঁয়ে নেবেন মুশি। তবে শেষমেশ জন্মদিনের বিশেষত ম্যাজিক সেই অঙ্কে রঙিন হয়নি। মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফেরার পরপরই প্যাভিলিয়নে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার।
৭১ রানে থাকা অবস্থায় দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। ১১০তম ওভারের তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে করা আফ্রিদির বলটি ভেতরে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। ভুল লাইনে খেলতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি মুশফিক। ১৭৯ বল মোকাবিলায় ৭১ রান করে শেষ হয় তার ইনিংস।
টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড এতদিন যৌথভাবে তামিম ও মুশফিকের ছিল। আজ বিসিবিপ্রধানকে ছাপিয়ে যান মুশি। এ ছাড়া তামিমকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুমিনুল হকও। টেস্টে তার পঞ্চাশোর্ধ রানের ইনিংস ৩৯টি।