ফিফটি ছুঁয়ে জন্মদিন রাঙালেন মুশফিক
মাঠে নামার আগেই উৎসবের আবহ দেখা গিয়েছিল। আজ ৩৯ বছরে পা দিলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। খেলা শুরুর আগে মাঠেই কেক কেটে সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন উইকেটকিপার এই ব্যাটার। যদিও মুশি সে সময়ে খানিকটা লজ্জাও পাচ্ছিলেন। তবে দুর্দান্ত এক ইনিংসের প্রত্যাশাও হয়তো বুনেছিলেন।
বিশেষ এই দিনে ফুরফুরে মেজাজেই ব্যাট হাতে নামেন, আর ২২ গজেও সেই আত্মবিশ্বাসের ছাপ পড়ল। ৪৮ রান নিয়ে খেলা শুরু করা মুশি দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই তুলে নেন হাফ-সেঞ্চুরি। তার ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি এটি।
জন্মদিনে হাফ-সেঞ্চুরি পাওয়ায় ইনিংসটি নিঃসন্দেহে আলাদাভাবেই গুরুত্ব পাবে মুশফিকের কাছে। তবে, ইনিংসটিকে যদি তিন অঙ্কে রূপ দিতে পারেন, সেটিই হবে তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে বড় ইনিংসের আভাসও মিলছে স্পষ্টভাবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ রানে ব্যাট করছেন মুশফিক। আর ১০০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪৮ রান। ৪ রান নিয়ে আরেকপ্রান্তে আছেন মিরাজ।
এ নিয়ে টানা তিন ইনিংসেই অন্তত ৫০ রানের দেখা পেলেন মুশফিক। এর আগে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছিলেন তিনি। সেই সিরিজের দুই ইনিংসে তার সংগ্রহ ছিল অপরাজিত ৫৩ এবং ১০৬ রান।