‘জোড়াতালি দিয়ে বিপিএল নয়’—কঠোর বার্তা তামিম ইকবালের
সবশেষ দুই বিপিএল আসরকে ঘিরে বিতর্কের শেষ ছিল না। বিশেষ করে ২০২৫ মৌসুমে ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে সমালোচনা তুঙ্গে ওঠে। সর্বশেষ আসরেও দল ব্যবস্থাপনা ও নানা অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে। এমন পরিস্থিতিতে বর্তমান সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, জোড়াতালি দিয়ে আর বিপিএল আয়োজন করতে চান না তারা।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমরা মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।'
তামিম আরও বলেন, 'আমি যদি কোনো কিছু করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে তাহলে আমাকে ধরতে হবে। আপনি ভুল করতেই পারেন। তবে জেনেশুনে যখন আপনি ভুল করেন তখন সেটা ক্রাইম।'
সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা বলেন, 'দুটি দলের সঙ্গে চুক্তিই হয়নি। একটি আসর খেলে ফেলেছে। (দুই দল সিলেট এবং নোয়াখালী) চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছিল। বিসিবির এই ভুল সিদ্ধান্তের কারণে ভুগতে হচ্ছে। সামনে যেন এমনটা না হয় আমরা এটা নিশ্চিত করব। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। প্লেয়ারদের কীভাবে চুক্তি হয় এটায় বিসিবি দিক নির্দেশনা দেবে। যেন প্লেয়াররা বিপদে না পরে।'