০৬ মে ২০২৬, ২০:৩৭

পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটসহ সব খেলায় দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। অদূর ভবিষ্যতেও হবে কি না, তা নিয়ে বুধবার (৬ মে) সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা বলছে, আগামীতেও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। তবে ভারতে কোনো বহুপাক্ষিক প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রীড়াবিদদের খেলতে বাধা দেওয়া হবে না।

ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, ‘ভারতে অনুষ্ঠিত বহুপাক্ষিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড় ও দল অংশ নিতে পারবে। তবে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে অংশ নেবে না। একইভাবে পাকিস্তানি দলকেও ভারতে খেলতে দেওয়া হবে না। আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত নিয়ম এবং আমাদের নিজস্ব ক্রীড়াবিদদের স্বার্থের জন্য পরিচালিত হই।’

মূলত পাহেলগাম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলার পর আগস্টে এই নীতি আনা হয়েছিল। সেই সময় ভারত জানিয়েছিল, বহুপাক্ষিক সিরিজ খেলার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে না।

এদিকে ভিসা নিয়েও পদক্ষেপ নিচ্ছে ভারত। আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে সবার অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে এমন সিদ্ধান্ত জানিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বলছে, ‘ক্রীড়াবিদ, দলীয় কর্মকর্তা, প্রযুক্তিগত কর্মী এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। আন্তর্জাতিক ফেডারেশনের কর্মকর্তাদের দায়িত্বকালীন সময়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত “মাল্টি-এন্ট্রি ভিসা” অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের সহজ যাতায়াত নিশ্চিত হয়।’