পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেমস প্যামেন্ট। তবে কয়েক দিন আগে কোমরে চোট পাওয়ায় এখন বিশ্রামে আছেন তিনি। এই চোটের কারণেই আসন্ন পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে না।
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন প্যামেন্ট। পুরোপুরি সেরে উঠতে তার আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে। পরিস্থিতি মূল্যায়নে আগামী সপ্তাহে চিকিৎসকদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন তিনি।
এদিকে পাকিস্তান সিরিজে তার অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন বিসিবির কোচ আশিক মজুমদার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরোয়া ক্রিকেট লিগের বিভিন্ন দলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আশিকের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। টুর্নামেন্ট চলাকালীন সময়ে মাহবুব আলী জাকির মৃত্যুর পর এই পদে দায়িত্ব পান তিনি। এবার হঠাৎ করেই জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশিক।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান।