পাকিস্তান সিরিজে বিনামূল্যে খেলা দেখা যাবে যেভাবে
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী শুক্রবার (৮ মে) থেকে শুরু হতে যাচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মাঠে বসে ফ্রিতেই এই ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে ক্রিকেট খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে।
তবে বেশকটি শর্তও রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ ভেন্যুতে নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
বিসিবি আরও জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য, আগামী ৮ মে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।