০৪ মে ২০২৬, ১৮:০৬

নাহিদ রানাসহ পিএসএলে কে কোন পুরস্কার জিতলেন

পেশোয়ার জালমির শিরোপা উল্লাস   © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে নাহিদ রানার দল পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরলেও ফাইনাল খেলতে আবার পাকিস্তানে পাড়ি জমান তিনি, আর সেই সিদ্ধান্তই সফল হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন লাল-সবুজের এই তরুণ তারকা। অসাধারণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ফাইনালের ‘সুপারপাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারও জিতেছেন তিনি।

এই নিয়ে দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার। এর আগে, ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 

এদিকে শিরোপা জিতে ট্রফির পাশাপাশি বড় অঙ্কের পুরস্কারও জিতেছে জালমি। শিরোপা জিতে ৫ লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ১৪ লাখ টাকা পাচ্ছে দলটি। এ ছাড়া পিসিবির ঘোষণা অনুযায়ী, ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা পাবেন। অন্যদিকে রানার্সআপ হায়দরাবাদ কিংসম্যান ৩ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা পাচ্ছে।

পিএসএলজুড়ে দারুণ পারফর্ম করা বাবর আজম সর্বোচ্চ ৫৮৮ রান করে শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। সেরা ব্যাটার ও হানিফ মোহাম্মদ ক্যাপও জিতেছেন তিনি। বাবরের তিন সতীর্থ কুশল মেন্ডিস সেরা উইকেটরক্ষক, ফারহান ইউসুফ সেরা ফিল্ডার এবং শাদাব খান সেরা অলরাউন্ডারের খেতাব জিতেছেন। 

অন্যদিকে ২২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী সুফিয়ান মুকিম টুর্নামেন্ট সেরার খেতাব জিতেছেন। ১৭ উইকেট শিকার করে হুনাইন শাহ ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতেছেন।

পিএসএল ১১ আসরের পুরস্কারজয়ীরা

সেরা খেলোয়াড়: সুফিয়ান মুকিম
সেরা ব্যাটার: বাবর আজম
সেরা বোলার: সুফিয়ান মুকিম
সেরা অলরাউন্ডার: শাদাব খান
সেরা উইকেটকিপার: কুশল মেন্ডিস
সেরা ফিল্ডার: ফারহান ইউসুফ
উদীয়মান ক্রিকেটার: হুনাইন শাহ
হানিফ মোহাম্মদ ক্যাপ: বাবর আজম (৫৮৮ রান)
ফজল মাহমুদ ক্যাপ: সুফিয়ান মুকিম (২২ উইকেট)
স্পিরিট অব ক্রিকেট: হায়দরাবাদ কিংসম্যান 
সেরা আম্পায়ার: আসিফ ইয়াকুব