০২ মে ২০২৬, ১৬:০২

প্রিমিয়ার লিগেও থাকছে আইসিসির নিয়মের কড়াকড়ি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)  © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের পর্দা আগামী সোমবার (৪ মে) থেকে উঠছে। এর আগে শুক্রবার লিগের ফরম্যাট নিয়ে বিস্তারিত জানায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, এবারের আসর শুরু হবে ৪ মে এবং চলবে ১১ জুন পর্যন্ত।

শনিবার (২ মে) এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের স্পন্সরের নামও ঘোষণা করা হয়েছে। এ সময় বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানান, `আইসিসির নিয়ম অনুযায়ী লিগ চলাকালে খেলোয়াড়দের ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে।'

তিনি বলেন, তামিম বলেন, ‘এবার একটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, অ্যান্টি করাপশনের যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেটা। বিপিএলে আমরা যখন আসি বাস থেকে নামার সাথে সাথে আমাদের ফোন নিয়ে নেওয়া হত। কেবল ম্যানেজারের কাছে একটা ফোন থাকত, কেবল ম্যানেজারই যোগাযোগ করতে পারত। প্লেয়ার, কোচ কারো কাছেই কোনো ফোন থাকত না। এবার এই জিনিসগুলা আমরা এবার থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করছি।’

তামিম আরও বলেন, ‘অ্যান্টি করাপশন ইউনিটের সাথে যেসব প্রসেস ফলো করতে হয়, সবই করা হচ্ছে। এই জিনিসগুলার প্রতি আমরা খুবই খুবই সিরিয়াস। এখানে কোন ধরনের কোন ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আন্তর্জাতিক ক্রিকেটের আদলে সব করব আমরা।’

প্রতিযোগী ক্লাবগুলোর প্রতি ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘প্রথম বা দ্বিতীয় দিনেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সঙ্গে আলোচনা করা শুরু করি এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলি যে আগে যা হয়েছে ওই জিনিসগুলো পুনরায় হবে না। সব ঠিকঠাকভাবে হবে। তাদের প্রত্যেকটা টিমকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’

বিসিবিপ্রধান বলেন, 'বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের জন্য এটা আমাদের ক্রিকেটিং ইকো-সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, কেননা গত কয়েক মাস ধরে ক্রিকেট একদম থেমে ছিল।’