০২ মে ২০২৬, ১১:২৭

মিরপুরে আবহাওয়াই কি হবে বড় প্রতিপক্ষ?

কালো মেঘে ছেয়ে আছে আকাশ   © টিডিসি ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ের পর চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচটি। ফলে সিরিজ নির্ধারণী হয়ে উঠেছে তৃতীয় ও শেষ ম্যাচটি। এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা, আর সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে নামবে নিউজিল্যান্ড।

তবে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও আবহাওয়া নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি। দেশের বিভিন্ন জায়গার মতো ঢাকাতেও সাম্প্রতিক সময়ে বৃষ্টি হয়েছে। এ ছাড়া ১ মে সকালেও নগরীর অনেক এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা যায়। যদিও এরপর বৃষ্টি কিছুটা কমেছে, তবুও ২ মে ঢাকাতে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও তা আগের তুলনায় কম।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনজুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের দিকে তা কমে আসতে পারে। ম্যাচ শুরুর সময় দুপুর ২টার দিকে বৃষ্টির ঝুঁকি তুলনামূলক কম থাকার সম্ভাবনাও। আর টানা বৃষ্টির কারণে উইকেটও স্বাভাবিকভাবে মিরপুরের চরিত্র না-ও ধরে রাখতে পারে।

এ ছাড়া আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ফলে পুরো ম্যাচজুড়েই আবহাওয়া একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

সবকিছু অনুকূলে থাকলে শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ম্যাচ। ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচের একাদশই ধরে রাখবে বাংলাদেশ, যদিও সফরকারী নিউজিল্যান্ড দলে কিছু পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। তবে লড়াই করে জয় পাওয়াই দলের জন্য বেশি তৃপ্তির হবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদেরও।