গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার আটক
হোটেলের বাথরুমে গোসলরত নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাঁদের ৫ লাখ শ্রীলঙ্কান রুপির জামিনে মুক্তি দেওয়া হয়।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে নারাহেনপিতার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকার সময় মুঠোফোনের মাধ্যমে তাঁদের গোপনে ভিডিও করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করে।
শ্রীলঙ্কা পুলিশ ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধারণ করা ভিডিওগুলোর কোনোটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক শুনানির জন্য অভিযুক্তদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে গত দুই দিন ধরে বোর্ডে অস্থিরতা বিরাজ করছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ডকে অপসারণের পর দেশটির সরকার সেখানে একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে।