লড়াই করেও হার, সিরিজও খোয়াল বাংলাদেশ
ওয়ানডের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের কাছে ২১ রানে হেরেছে লাল-সবুজেরা। এর আগে, প্রথম ম্যাচ ২৫ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে, এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২২ রান তুলে শ্রীলঙ্কা। পঞ্চম ওভারের প্রথম বলে লঙ্কান ওপেনার হাসিনি পেরেরাকে ৯ রানে শিকার করেন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার ফারিহা তৃষ্ণা।
এরপর অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ ও ইমেশা দুলানির ২৭ রানের সুবাদে ১৪তম ওভারেই নব্বইয়ের ঘরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
৯৩ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলঙ্কাকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্ষিতা সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভা। তৃতীয় উইকেটে তাদের ৩৭ বলে ৬১ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। সামারাবিক্রমা ৪ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৪৯ এবং সিলভা অপরাজিত ২২ রান করেন।
বোলিংয়ে বাংলাদেশের তৃষ্ণা-সুলতানা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি ১টি করে উইকেট নেন।
১৫৫ রানের জবাবে দারুণ সূচনা করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে দলকে ৪৬ রান উপহার দেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। সপ্তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন দিলারা। ৪ চারে ২৩ বলে ২৩ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারের সাথে ২১ বলে ২১ রান যোগ করে থামেন জুয়াইরিয়া। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২৯ রান করেন তিনি।
এরপর অধিনায়ক নিগার সুলতানা ৭ ও সোবাহানা মোস্তারি শূন্য হাতে ফিরলে ৮৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এ অবস্থায় শারমিন ও স্বর্ণা আক্তার জুটি দ্রুত রান তুলতে না পারায় শেষ ১২ বলে ৪৪ রান দরকার পড়ে বাংলাদেশের।
শেষ ১২ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি শারমিন ও রিতু মনি। ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪টি চারে শারমিন অপরাজিত ৪৪, রিতু ৯ ও স্বর্ণা ১২ রান করেন।
৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শ্রীলঙ্কার কাভিশা দিলহারি।
উল্লেখ্য, আগামী ২ মে সিলেটেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।