৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলঙ্কা

বাংলাদেশ নারী ক্রিকেট দল  © সংগৃহীত

বোলিংয়ে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। উইকেট সেভাবে নিতে না পারলেও রানের গতি চেপে ধরেছিল কিছুটা। কিন্তু শেষদিকে আর সেটি পারল না। শেষ তিন ওভারের ঝড়ে দেড়শ ছাড়ানো পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে শুরুর দিকেই উইকেট তুলে নেন পেসার ফারিহা তৃষ্ণা। জ্যোতির ক্যাচ বানিয়ে ফেরান হাসিনি পেরেরাকে (১১ বলে ৯)।

এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তুলে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে প্রায় অর্ধশত রান তুলে ফেলেন চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি। জ্যোতির ক্যাচ বানিয়ে ইমেশাকে ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন রিতুমনি। ইমেশা ফেরেন ২৫ বলে ২৭ রান করে।

এরপরও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন লঙ্কানদের সেরা তারকা আতাপাত্তু। চার নম্বরে নামা হর্ষিতা সামারাবিক্রমাকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন তিনি। ৩৭ বলে ৪২ রান করা আতাপাত্তুকে ফেরান সুলতানা খাতুন।

শেষদিকে ব্যাটহাতে ঝড় তুলেন হর্ষিতা। তাকে সঙ্গ দেন নিলাকশিকা সিলভা। মাত্র ৩৭ বলে ৬১ রানের জুটি গড়েন এই দুজন। শেষ বলে ফেরার আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৯ বলে ৪৯ রান করেন তিনি হর্ষিতা। আর নিলাকশিকা অপরাজিত থাকেন ১৮ বলে ২২ রানে।

বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতুমনি।