২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি সপ্তাহেই ঢাকায় আসছে নিউজিল্যান্ড। এই সফরে বাংলাদেশের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। আসন্ন এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ২’শ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট মিলবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। টিকিট বিক্রি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড। ঢাকায় পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
দ্বিতীয় ওয়ানডের পর চট্টগ্রামে যাবে দল দুটি। ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ২৭ এপ্রিল টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে।
২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে আবার ঢাকায় ফিরবে দল দুটি। ২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। ওয়ানডেগুলো বেলা ১১টা, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো বেলা ২টা থেকে শুরু হবে।
মিরপুর পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটমূল্য:
- গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার): ২৫০০ টাকা।
- ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর মিডিয়া ব্লক ও দক্ষিণ করপোরেট ব্লক): ১৫০০ টাকা।
- ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ (করপোরেট ব্লক): ১৫০০ টাকা ।
- ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তর (শহীদ মুসতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড): ৬০০ টাকা।
- শহীদ আবু সাঈদ ও নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা।
- ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা।
চট্টগ্রাম পর্বের টিকিটমূল্য:
- গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম): ২৫০০ টাকা
- রুফ টপ প্যাভিলিয়ন অ্যান্ড (পূর্ব ও পশ্চিম): ২৫০০ টাকা
- শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৬০০ টাকা
- ওয়েস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
- ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা