ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটিতে তামিম ইকবাল, বাকিরা কে কোন দায়িত্বে?
বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই, যা নতুন সরকার গঠনের পর আরও জোরালো হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। নির্ধারিত সময়ের আগেই গত রবিবার তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপসহ বিভিন্ন অনিয়মের ইঙ্গিত পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। একইসঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হয় বুধবার (৮ এপ্রিল)। সভায় বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে।
সভা শেষে তামিম ইকবাল জানান, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব সম্মিলিতভাবে বোর্ডের সবাই মিলে পরিচালনা করবেন। অর্থাৎ এই বিভাগের জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
এ ছাড়া গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুকে। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন তানজিল চৌধুরী। অন্যদিকে বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকছেন তামিম ইকবাল। আম্পায়ার্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আতহার আলি খানকে। আর ফিন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু।
তামিম ইকবাল: ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা: গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু: গ্রাউন্ডস
তানজিল চৌধুরী: এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী: মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম: উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু: ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ: সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু: টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির: লজিস্টিকস
আতহার আলী খান: আম্পায়ার কমিটি