০৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৮

‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাবে না’

বিসিবি  © সংগৃহীত

গত দেড় বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন একপ্রকার তামাশার মঞ্চ। তিনজন সভাপতি বদল, বিতর্ক আর অনিয়মে জর্জরিত এই বোর্ড এখন আর ক্রিকেট পরিচালনার প্রতিষ্ঠান নয়, বরং বিশৃঙ্খলার প্রতীক।

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়া ফারুক আহমেদকে হঠাৎ করেই কাউন্সিলরশিপ কেড়ে নিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপরই যেন নাটকের নতুন দৃশ্য! বিতর্কিত ও অনিয়মে ভরা নির্বাচনের মাধ্যমে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু দায়িত্ব নিয়ে কোনো ঘরোয়া লিগই আয়োজন করতে পারেননি তিনি। ঢাকার শীর্ষ ক্লাবগুলো তার বিরুদ্ধে সরাসরি বয়কট ঘোষণা করে, যা পরিস্থিতিকে আরও অচল করে তোলে।

শেষমেশ তদন্তে নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ার আনুষ্ঠানিক বার্তায় বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব দেওয়া হয়।

এই পুরো পরিস্থিতি নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা আর কিছুই নয়, একেবারে ‘সার্কাস’।

আফতাব আহমেদের ভাষ্য, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কেনেন, আপনার ওই টিকিট বৃথাই যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না (ভাই)। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা অ্যাকচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করছি।’

বাংলাদেশের প্রসঙ্গে তার মন্তব্য, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দেবে। মিডিয়ারা এমনভাবে ঢোল পেটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন।’

বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, ‘এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানালাম।’