০৭ এপ্রিল ২০২৬, ১৬:২৯

বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা

বিসিবি লোগো  © সৌজন্যে প্রাপ্ত

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও এ বিষয়ে জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, অন্তর্বর্তীকালীন অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারেও আইসিসিকে জানানো হয়।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান বলেন, 'জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উপনীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনে বিসিবি নির্বাচনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এনএসসি ইতোমধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিকট একটি ইমেইল পাঠিয়েছে। সেই ইমেইলে এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।'

গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এ কারণে নির্বাচনের আগেই নিজেদের প্রত্যাহার করে নেয় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে নামে জাতীয় ক্রীড়া পরিষদ।

পরে গত রবিবার অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেয়। এর মাত্র দুই দিনের মধ্যেই বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড বিলুপ্ত ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।

এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদনটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও পাঠানো হবে। তাদের মতামত পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় জাতীয় ক্রীড়া পরিষদও।