২২ মার্চ ২০২৬, ১৪:৪৩

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

বাংলাদেশ-ভারত ম্যাচ  © সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সূচিতে পরিবর্তন এনে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বোর্ডের এক কর্মকর্তা।

মূলত ২০১৫ সালে স্থগিত হয়ে যাওয়া ভারত সিরিজটি আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতেই আয়োজন করতে চায় বিসিবি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসবে ভারত। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

এই সিরিজের কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি। তবে ২০২৬ সালের মধ্যে নতুন সময় বের করতে না পারায় আপাতত আয়ারল্যান্ড সফরটি স্থগিত রাখা হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবমস্থানে বাংলাদেশ। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে একধাপ এগিয়েছে দলটি।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে থাকতে হবে টাইগারদের। আয়ারল্যান্ড সফর স্থগিত হওয়ায় এখন ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত সিরিজের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে।তবে কূটনৈতিক জটিলতায় ভারত সিরিজ অনিশ্চিত হলে সরাসরি বিশ্বকাপ খেলার লড়াইয়ে বড় চাপে পড়তে পারে বাংলাদেশ।